গাইবান্ধায় বিয়ের দুই দিনের মাথায় নবদম্পতির মৃ*ত্যু, বিষাক্ত ট্যাবলেট সেবনের অভিযোগ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নববধূ তানিশা বেগমের মৃত্যুর একদিন পর মারা গেছেন তাঁর স্বামী আলামিন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিয়ের মাত্র দুই দিনের মাথায় নবদম্পতির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলার বোনারপাড়া কলেজ মোড় এলাকার আজাদুল ইসলামের ছেলে আলামিনের সঙ্গে একই উপজেলার বাংলাবাজার এলাকার তানিশা বেগমের মুঠোফোনে পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ চার বছরের সম্পর্কের পর গত ১২ অক্টোবর পরিবারের অমতে তাঁরা বিয়ে করেন। তবে উভয় পরিবারের কেউই তাঁদের এ বিয়ে মেনে নেননি বলে জানা গেছে।
পারিবারিক অসম্মতি ও স্বজনদের অসন্তোষের কারণে তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরই মধ্যে তাঁরা একসঙ্গে ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে অভিযোগ রয়েছে।
পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁদের হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তানিশার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আলামিনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁকে হাসপাতালে ভর্তি করিয়ে স্বজনেরা চলে যান বলে অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আলামিনও মারা যান।
বিয়ের পরপরই নবদম্পতির এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.