পলাশবাড়ীতে ১,২৯০ পিস ইয়াবা জব্দ সহ গ্রেফতার-২
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চট্টগ্রাম থেকে রংপুরগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১,২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসআরবির মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবির মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে এসআরবি-১৩ ও সিপিবি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল পলাশবাড়ী উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের পশ্চিম লেনে আতিয়ার হাজীর ভবনের সামনে তল্লাশি চৌকি বসায়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী জিএস লাইন (রেজি. নম্বর: ঢাকা-মেট্রো-ব-১৩-১৯৮১) নামের যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
বাসযাত্রী খাজা আল মামুন (৪৭) ও সজিবের (২৪) প্যান্টের পকেটে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ১,২৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১ লাখ টাকাও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত খাজা আল মামুন গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের মালিবাড়ী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে এবং সজিব একই গ্রামের মো. সুরুজ জামানের ছেলে।
এ ঘটনায় এসআরবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে এবং গ্রেফতারকৃত আসামিদের পাশাপাশি জব্দকৃত আলামত ও নগদ টাকা থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.