ফসলি জমিতে খাদ্যগুদাম না করার দাবিতে শিবগঞ্জে কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধন
মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি।
বগুড়ার শিবগঞ্জে তিন ফসলি উর্বর কৃষিজমিবাঁচিয়ে বিকল্প স্থানে প্রস্তাবিত আঞ্চলিক খাদ্যগুদাম নির্মাণের দাবিতে উত্তাল হয়ে উঠেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। সিদ্ধান্তটি বাতিলের দাবিতে তারা এক প্রতিবাদী মানববন্ধন ও র্যালির আয়োজন করেন।
রোববার (৬ সেপ্টেম্বর'২৬)সকাল ১১টায় শিবগঞ্জের আটমুল ও কিচক ইউনিয়নের আপসন হিমাদ্রী কোল্ড স্টোরের পশ্চিম পাশের প্রায় ১০৫ বিঘা কৃষিজমি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে ক্ষুব্ধ কৃষকেরা জানান, প্রস্তাবিত খাদ্যগুদামের জন্য নির্ধারিত ১০৫ বিঘা জমি অত্যন্ত উর্বর।এখানে বছরে তিনটি ভিন্ন ফসল উৎপন্ন হয়,যা স্থানীয় খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি কৃষকদের আয়ের প্রধান উৎস। দেশের খাদ্যনিরাপত্তা জোরদার করতে আবাদি জমি রক্ষা করা অপরিহার্য।এমন উর্বর জমি নষ্ট করে কোনো উন্নয়ন প্রকল্প হাতে নিলে তা কৃষিখাতের জন্য আত্মঘাতী হবে।
মানববন্ধনে স্থানীয়দের পক্ষে বক্তব্য দেন সাদুরিয়া গ্রামের মুনসুর রহমান,মাও মোঃ সানাউল্লাহ, মিনহাজুল ইসলাম,কৃষক আব্দুল আলিম, সানোয়ার হোসেন,সাইদুল ইসলাম এবং আপসন গ্রামের মোকাররম হোসেন,মাহাবুল ইসলাম,কৃষক মোঃ মোজা,এরশাদুল ইসলাম,আলহাজ আব্দুল কাদের,আলাউদ্দিন,মাসুদ,আতাউল্লাহ, নুরুল ইসলাম,আজিজার রহমান,আলহাজ তৈয়ব আলী ও কৃষক আবুল বাসারসহ আরও অনেকে।
বক্তব্যে আপসন গ্রামের মোকাররম হোসেন শঙ্কা প্রকাশ করে বলেন,সরকার এই তিন ফসলি জমি নিয়ে নিলে আমরা চাষাবাদ করব কোথায়? জীবিকা ও ভবিষ্যতের কথা ভেবে এই জমি রক্ষা করতেই হবে।
একই গ্রামের মাহাবুল ইসলাম বলেন, এই জমির ওপরই আমাদের সংসার চলে।জমি হাতছাড়া হলে পরিবারের আয়ের পথ বন্ধ হয়ে যাবে।
কৃষক মোঃ মোজা হুশিয়ারি দিয়ে বলেন, জীবিকার একমাত্র অবলম্বন এই জমি বাঁচাতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
সমাবেশ থেকে কৃষকেরা স্পষ্ট বার্তা দেন—তিন ফসলি জমি ধ্বংস করে কোনো খাদ্যগুদাম নয়, বরং অনাবাদি বা বিকল্প স্থানে এটি নির্মাণ করতে হবে। কৃষকদের স্বার্থ ও মতামতকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে একটি বিক্ষোভ র্যালি বের করা হয়।র্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.