বগুড়া কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনা ও অবৈধ পার্কিংয়ের প্রতিবাদে মানববন্ধন
বগুড়া জেলা ক্রাইম রিপোর্টার:
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ মাগুরগাড়ি তালপট্টি এলাকায় কোয়ালিটি ফিড কোম্পানি লিমিটেডের চরম অব্যবস্থাপনা, সড়কে পানি গড়ানো এবং অপরিকল্পিত পার্কিংয়ের কারণে সৃষ্টি হওয়া তীব্র যানজটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। ২৪ আগস্ট সোমবার সকাল সাড়ে ১০টায় কারখানার মূল ফটকের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘জনভোগান্তি বন্ধ করো, রাস্তায় অবৈধ পার্কিং দূর করো’ ‘রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে যায় কেন? প্রশাসন জবাব চাই!’ ‘জনসাধারণের যাতায়াত সহজ করো, সড়কের ওপর যানজট নিরসন করো’ ইত্যাদি বিভিন্ন দাবি ও প্রতিবাদের ভাষা সংবলিত ব্যানার-প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শিলু মিয়া, সিহাব হোসেন, আব্দুল মোমিন, আসাদুল ইসলাম মঞ্জু, মোতাহার হোসেন, সুলতান মাহমুদ ও নিজাম উদ্দিন। বক্তারা বলেন, কারখানার কাঁচামাল ও পণ্য বহনের কাজে ব্যবহৃত ভারি যানবাহনগুলো প্রতিনিয়ত প্রধান সড়কের ওপর দাঁড়িয়ে থাকে। এছাড়া কারখানা থেকে সড়কের ওপর পানি গড়িয়ে পড়ে পরিবেশ নষ্ট হচ্ছে। এর ফলে স্কুল ও কলেজগামী শিক্ষার্থী, পথচারীদের চলাচলে চরম ভোগান্তি, দীর্ঘ যানজট এবং নিয়মিত রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে থাকার মতো ঘটনা ঘটছে। আগামী ৭ দিনের মধ্যে এসব অব্যবস্থাপনা ও অবৈধ পার্কিং নিরসনে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া ক্ষুব্ধ এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে কোয়ালিটি ফিড লিমিটেড বগুড়ার দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ওমর ফারুক বলেন, আমাদের নিজস্ব ৩০টি গাড়ি ধারণক্ষমতাসম্পন্ন পার্কিং স্পেস নির্মাণের কাজ চলছে, যা শেষ হতে আরও প্রায় ২ মাস সময় লাগবে। ভুট্টা সংগ্রহের মৌসুমে গাড়ির চাপ সাময়িক বৃদ্ধি পেলেও পরবর্তীতে যাতে রাস্তায় কোনো যানজট না হয়, সে বিষয়ে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.