নওগাঁর বদলগাছীতে পাখি নামে এক ব্যক্তির শরীরে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে পাখি (৩৮) নামে এক ব্যক্তির শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের পুখুরিয়া গ্রামের হাবিবের বাড়ির পাশের সড়কে এ ঘটনা ঘটে। আহত পাখিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পাখি(৩৮) কোলা ইউনিয়নের কয়াভবানীপুর গ্রামের মৃত আঙ্গুর হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বদলগাছী হাটের দিন হওয়ায় কাঁচামাল কেনা ও লোড করার জন্য পাখি হাটে যান। দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় তাঁর সঙ্গে রবিউল (৪০) ছিলেন।
বদলগাছী ব্রিজের কাছে পৌঁছালে এস এম আসাদুজ্জামান টুটুল (৫০) বাড়ি যাওয়ার কথা বলে তাঁদের মোটরসাইকেলে ওঠেন।
পুখুরিয়া গ্রামের হাবিবের বাড়ির পাশের সড়কে পৌঁছানোরপর মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। তাঁরা মোটর সাইকেল ঠেলে নিয়ে যাওয়ার সময় টুটুলের কাছে লুকিয়ে রাখা একটি বোতলে থাকা পেট্রোলে আগুন ধরিয়ে পাখির শরীর লক্ষ্য করে ছুড়ে মারেন বলে অভিযোগ করা হয়েছে।
এতে পাখির শরীরে আগুন ধরে যায়। পরে তিনি আগুন নেভাতে পাশের পুকুরে লাফ দেন। পাখির সঙ্গে থাকা রবিউলের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান।ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত টুটুলকে ধাওয়া করে কেশাইল এলাকায় আটক করেন।
এ সময় তিনি স্থানীয় জনতার মারধরের শিকার হন বলে জানা গেছে। পরে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত ২৫ জুলাই ২০২৬ মাদকসহ গ্রেপ্তার হয়ে টুটুল জেলহাজতে যান। এ ঘটনায় বদলগাছী থানায় মামলা হয়েছে, যার নম্বর ২২। পরে তিনি জামিনে মুক্তি পান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, ওই মাদক মামলার ঘটনায় সাক্ষী ও কয়েকজন স্থানীয় ব্যক্তির ওপর টুটুল ক্ষুব্ধ ছিলেন। এ বিরোধের জেরেই পাখির ওপর হামলা হয়ে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রহুল আমিন বলেন, এ ঘটনায় জড়িত এস এম আসাদুজ্জামান টুটুলকে কেশাইল থেকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.