তারাকান্দায় খাল পুনঃখনন ও হালুয়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
ব্যুরো চীফ, ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দায় খাল পুনঃখনন এবং হালুয়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। মঙ্গলবার (১২ মে) পৃথক দুটি অনুষ্ঠানে তিনি এসব উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাহমুদুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের সার্বিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। খাল পুনঃখনন প্রকল্প এলাকার কৃষি, পানি নিষ্কাশন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, খাল পুনঃখননের পর তা যেন পুনরায় ভরাট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে তারাকান্দা-ফুলপুর এলাকায় মিনি স্টেডিয়াম, হাসপাতাল ও রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
অন্যদিকে একই দিনে হালুয়াঘাট উপজেলার ১ নম্বর আমতৈল ইউনিয়নের বড়বিলা-বাহিরশিমুল সড়কের উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সড়কটির উন্নয়ন সম্পন্ন হলে স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং এলাকার গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.