ভারতের কাছে বাংলাদেশ
বিক্রি হয় কীভাবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
---
ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয় কীভাবে সেই প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারা বলে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যাবে, আমার প্রশ্ন বিক্রিটা হয় কীভাবে? আসলে যারা এ কথা বলে তারা নিজেরাই ভারতের কাছে বিক্রি হওয়া।
আজ মঙ্গলবার সকালে ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় একটি মিত্র দেশ, আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাধে কাধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা সেখানে প্রশিক্ষণ নিয়েছে। ভারত মিত্রশক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করেছে। পৃথিবীর যেসব দেশে যুদ্ধে মিত্রশক্তি সহায়তা করেছে, তারা কিন্তু সেই দেশ থেকে ফেরত যায়নি। এখানে ভারত কিন্তু ব্যতিক্রম। যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছেন যে তারা দেশে ফিরে যাক, ভারতের প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে তাদের ফেরত নিয়ে গেছে।
‘আমরা ভারতের সহযোগিতায় বাংলাদেশে তিস্তা প্রকল্প করবো। সেই বিষয়ে নয়াদিল্লি আমাদের আশ্বাস দিয়েছে।’, বলেন তিনি
তিনি আরও বলেন, শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না। কারণ আমরা এই দেশকে স্বাধীন করেছি। এতে যে কষ্টটা ভোগ করেছি, সেটা আমরা জানি। যারা বিক্রির কথা বলে, তারা পাকিস্তানের দালালি করেছে।
ভারতে দু’দিনের সরকারি সফর শেষে শনিবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার দুপুরে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোকসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর। এ ছাড়াও এই সফরটি ছিল ১৫ দিনেরও কম সময়ে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর। এর আগে তিনি ৯ জুন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন।
প্রধানমন্ত্রীর সরকারি সফরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সাতটি নতুন ও তিনটি নবায়নকৃতসহ ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.