সুন্দরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
সুন্দরগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকসহ কয়েকজনের বিরুদ্ধে জমি জবরদখল, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ করেছেন উপজেলার ছয়ঘড়িয়া এলাকার মমতাজ বেগম।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর থেকে মমতাজ বেগম ও তার পরিবার দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসা জমি নিয়ে বিরোধের মধ্যে রয়েছেন। অভিযোগে মমতাজ বেগম দাবি করেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলন, হাফিজার রহমান, দুলু মিয়া ও নাজমুল হুদাসহ কয়েকজন ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। একই সঙ্গে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।
অভিযোগকারী আরও দাবি করেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। পরে তিনি বিরোধপূর্ণ জমিতে গিয়ে নিজের ভোগদখল বুঝে নেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা তাকে বাধা দেন এবং হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মমতাজ বেগমের দাবি, বিরোধপূর্ণ জমির মালিকানা ও ভোগদখল সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে রয়েছে। তিনি অভিযোগটি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিরোধপূর্ণ জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগপত্রে বিভিন্ন খতিয়ান ও দাগ নম্বর উল্লেখ করে মোট প্রায় ৬৩ দশমিক ৫০ শতক জমি নিয়ে বিরোধের কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও তদন্তের পরই প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.