খাদ্যবান্ধব কর্মসূচির চালে অনিয়মের তথ্য প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, চকরিয়ায় ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | চকরিয়া, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও নয়ছয়ের অভিযোগের তথ্য গণমাধ্যমে তুলে ধরার জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার শিকার হয়েছেন দৈনিক আজকের দর্পণ পত্রিকার চকরিয়া প্রতিনিধি রিদুয়ানুল হক মজিদী।
অভিযোগে বলা হয়েছে, ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী অলিশাহ বাজার এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুল খালেক খোকন সাংবাদিক রিদুয়ানুল হক মজিদীর ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালান। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সাংবাদিকদের ভাষ্য, দুর্নীতি ও অনিয়মের তথ্য জনসম্মুখে তুলে ধরা গণমাধ্যমকর্মীদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিকের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকারের ওপরও সরাসরি আঘাত।
এ ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিক রিদুয়ানুল হক মজিদীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সাংবাদিক নেতারা আরও বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির মতো দরিদ্র জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে এসব তথ্য প্রকাশে বাধা দিতে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না হলে বৃহত্তর সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও তারা সতর্ক করেন।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগও নিরপেক্ষভাবে তদন্ত করা হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.