শেরপুরে স্যানিটারি ন্যাপকিনের বাক্সে মিলল ১৫০০ পিস টাপেন্টাডল, গ্রেপ্তার ১
----
বগুড়ার শেরপুরে স্যানিটারি ন্যাপকিনের বাক্সে লুকিয়ে পাচারের সময় ১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আশিক ইকবাল ওরফে সাজু (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের শেরউড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সাজু শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।
ডিএনসি বগুড়া সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে মহাসড়কের পাশে অভিযান চালিয়ে সাজুকে আটক করা হয়। পরে তার সাথে থাকা কাগজের কার্টনে স্যানিটারি ন্যাপকিনের আড়ালে রাখা ১৫০টি ব্লিস্টার পাতায় মোট ১৫০০ পিস 'ট্যাপাল' নামীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএনসি জানায়, উদ্ধারকৃত মাদকের মোট ওজন ৬৩০ গ্রাম। এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মোঃ হুমায়ুন কবির বাদী হয়ে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। চালানের সাথে জড়িত অন্যদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.