সংবাদ প্রকাশের জেরে সম্পাদক এম এ মমিন আনসারীকে মিথ্যা মামলার অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ।
প্রেস রিলিজ:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কুঞ্জ মহিপুর দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ অনিয়ম, জাল স্বাক্ষর, শিক্ষার্থী সংকট এবং কথিত অর্থ লেনদেনের অভিযোগ নিয়ে জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট-এ ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মমিন আনসারীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান সরকার, যিনি ঈদিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত, তিনি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশে ক্ষুব্ধ হয়ে বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করেন। আরও অভিযোগ রয়েছে, তার ছেলে, যিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা হিসেবে পরিচয় দেন, তিনিও নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে অনুসন্ধানী প্রতিবেদন বন্ধ না করলে মিথ্যা মামলায় জড়ানো, গুরুতর পরিণতির মুখোমুখি করা এবং প্রাণনাশের হুমকি দেন। অভিযোগকারী পক্ষের দাবি, এসব হুমকির কল রেকর্ড সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনে তদন্তকারী সংস্থার কাছে তা উপস্থাপন করা হবে।
জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পরিবার এ ধরনের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও অনুসন্ধানী সাংবাদিকতায় বাধা সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
উল্লেখ্য, প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনটি প্রাপ্ত সরকারি নথি, লিখিত অভিযোগ, সংশ্লিষ্ট সূত্রের তথ্য এবং সরেজমিন অনুসন্ধানের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান সরকারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনে তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, হুমকির অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাইপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক এম এ মমিন আনসারীর নিরাপত্তা নিশ্চিত করা হোক।
সাংবাদিকদের কণ্ঠরোধ, মিথ্যা মামলায় হয়রানি কিংবা প্রাণনাশের হুমকি দিয়ে সত্য অনুসন্ধান বন্ধ করা যাবে না। জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট জনস্বার্থে অনুসন্ধানী সাংবাদিকতা অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
প্রকাশক
জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পরিবার
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.