কুড়িগ্রামে সোনালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন, ক্যাশলেস সমাজ গড়ার ডাক
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ -১৫.০৭.২৬
ডিজিটাল আর্থিক লেনদেনের প্রসার ও ক্যাশলেস (নগদবিহীন) বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কুড়িগ্রামে বিশেষ ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সোনালী ব্যাংক পিএলসি কুড়িগ্রাম শাখার উদ্যোগে ব্যাংকটির সভাকক্ষে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আগত গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাৎক্ষণিকভাবে প্রায় ২০০ জন গ্রাহকের মাঝে ‘বাংলা কিউআর’ কোড বিতরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক কুড়িগ্রাম শাখার সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আব্দুল লতিফ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক রংপুর জেনারেল ম্যানেজার অফিসের জেনারেল ম্যানেজার মুহাম্মদ মনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ইনচার্জ মোঃ আতাহারুল ইসলাম। এছাড়াও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট গ্রাহকেরা সভায় বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে রংপুর অফিসের জেনারেল ম্যানেজার মুহাম্মদ মনোয়ারুল ইসলাম বাংলা কিউআর কোডের বহুমুখী সুবিধা তুলে ধরে বলেন,
"ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর একটি যুগান্তকারী পদক্ষেপ। এই পদ্ধতির মাধ্যমে গ্রাহকেরা কোনো ধরনের নগদ টাকা বহন না করেই সম্পূর্ণ নিরাপদ ও দ্রুততার সাথে লেনদেন করতে পারবেন। পকেটে টাকা না রেখে শুধু মোবাইল ফোন ব্যবহার করেই কেনাকাটা ও বিল পরিশোধ করা সম্ভব।"
তিনি আরও বলেন,
"নগদ টাকা লেনদেনের ক্ষেত্রে বাজারে অনেক সময় জাল নোটের প্রাদুর্ভাব দেখা যায়, যা সাধারণ মানুষকে প্রতারিত করে। কিন্তু কিউআর পদ্ধতির মাধ্যমে লেনদেন করলে জাল নোটে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। তাছাড়া মুহূর্তের মধ্যেই যেকোনো প্রান্ত থেকে নিরাপদ সেবা পাওয়া নিশ্চিত করে এই প্রযুক্তি। গ্রাহকদের জীবনযাত্রাকে সহজ করতে সোনালী ব্যাংক এই প্রযুক্তিগত বিপ্লবে নেতৃত্ব দিচ্ছে।"
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ক্যাশলেস অর্থনীতিকে বেগবান করতে সোনালী ব্যাংক পর্যায়ক্রমে কুড়িগ্রাম জেলার সকল গ্রাহককে এই কিউআর (QR) কোড সেবার আওতায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিক পর্যায়ে আজ ২০০ জন উদ্যোক্তা ও সাধারণ গ্রাহককে এই সুবিধা দেওয়া হলেও, এই কার্যক্রম চলমান থাকবে এবং জেলার প্রতিটি প্রান্তে তা ছড়িয়ে দেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তারা উপস্থিত গ্রাহকদের ব্যাংকিং অ্যাপ ও কিউআর কোড ব্যবহারের নিয়মকানুন প্রদর্শন করেন এবং আধুনিক ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে সবাইকে নগদহীন লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.