গোপালগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রত্যাহারের ঘোষণা... বাদীর স্বীকারোক্তি -"ভুল সিদ্ধান্ত"
লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক নির্মাণকাজে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দায়ের করা চাঁদাবাজির মামলাকে ‘ভুল সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মামলার বাদী ইয়াসিন হোসেন।
বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘দৈনিক আমার দেশ’ ও ‘ডেইলি পোস্ট’-এর কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি ভুল বোঝাবুঝির ফল ছিল।
সংবাদ সম্মেলনে ইয়াসিন হোসেন বলেন, গত ৬ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিকির বাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণকাজে অনিয়মের অভিযোগ তুলে দৈনিক আমার দেশ ও ডেইলি পোস্ট-এ সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে তিনি ৭ জুলাই গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন।
তিনি বলেন, “আমি উপলব্ধি করতে পেরেছি যে, মামলাটি ছিল ভুল বোঝাবুঝির ফল। সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাই আমি মামলাটি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি এবং আইনানুগ প্রক্রিয়ায় তা প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
সংবাদ সম্মেলনে ইয়াসিন হোসেন আরও স্পষ্টভাবে স্বীকার করেন, সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের সঙ্গে তাঁর কোনো ধরনের চাঁদাবাজি বা অর্থ দাবির ঘটনা ঘটেনি।
গত ৬ জুলাই দৈনিক আমার দেশ অনলাইনে “কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সড়ক নির্মাণকাজে বিভিন্ন অনিয়ম, নিম্নমানের কার্পেটিং এবং কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলা হয়।
এর একদিন পর, ৭ জুলাই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেন গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
তবে মামলার এক সপ্তাহের মাথায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই মামলাকে ‘ভুল সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করে তা প্রত্যাহারের ঘোষণা দেন বাদী নিজেই। একই সঙ্গে তিনি আইনানুগ প্রক্রিয়ায় মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার কথাও জানান।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে স্বস্তি ফিরে এসেছে। সাংবাদিকদের মতে, অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে দায়ের হওয়া মামলাটি প্রত্যাহারের ঘোষণা গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা বহন করে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.