পলাশবাড়ী ফ্লাইওভারের নিচে অবৈধ দোকানের দখল: যানচলাচলে বিঘ্ন
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী ফ্লাইওভারের নিচে দিন দিন বেড়ে চলেছে অবৈধভাবে গড়ে ওঠা দোকানের সংখ্যা। ফ্লাইওভারের নিচের সড়কজুড়ে চায়ের দোকান, ফলের দোকান ও বিভিন্ন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে সেই সঙে সিএনজি অপরিকল্পিত ভাবে রাখায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
এতে একদিকে যেমন দূরপাল্লার যানবাহন ফ্লাইওভারের পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
স্থানীয়দের অভিযোগ, ফ্লাইওভারের নিচে স্থায়ীভাবে চায়ের দোকান বসিয়ে দোকানের সামনে চেয়ার-বেঞ্চ রাখা হচ্ছে। অনেক ফল বিক্রেতা দোকানের সামনে ট্রে সাজিয়ে ফল বিক্রি করছেন। এছাড়া বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানও সড়কের একাংশ দখল করে ব্যবসা পরিচালনা করছে। ফলে যানবাহনের জন্য চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে এবং প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ফ্লাইওভারের নিচের বিভিন্ন স্থানে অনুমতি ছাড়াই দোকান বসানো হয়েছে। এতে পথচারী, মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের দাবি, দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ফ্লাইওভারের নিচে ব্যবসা করা কয়েকজন দোকানদারের সঙ্গে কথা হলে তারা জানান, "অনেকেই এখানে দোকান বসিয়ে ব্যবসা করছেন। তাই আমরাও বসেছি।"
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল বলেন, "ফ্লাইওভারের নিচে অবৈধভাবে বসানো দোকানগুলোর বিরুদ্ধে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।"
স্থানীয় সচেতন মহল মনে করছে, ফ্লাইওভারের নিচের জায়গা অবৈধ দখলমুক্ত রেখে যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.