পবিত্র হজ্জ পালন শেষে দেশে ফিরলেন ও দায়িত্ব গ্রহণ করলেন পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান
সংবাদ কর্মী জেলা( প্রতিনিধি) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান পবিত্র হজ্জ পালন শেষে মঙ্গলবার (৯ জুন) দেশে প্রত্যাবর্তন করেছেন। দেশে ফিরে একই দিন তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পবিপ্রবির উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও ফুলেল সংবর্ধনা জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরবর্তীতে বিকেল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
দেশে প্রত্যাবর্তন ও দায়িত্ব গ্রহণ উপলক্ষে জিয়া পরিষদ, পবিপ্রবি শাখা (কর্মকর্তা ইউনিট), ইউট্যাব পবিপ্রবি শাখাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের দীর্ঘ শিক্ষাগত, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর নেতৃত্বে পবিপ্রবি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং সুশাসনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, “পবিত্র হজ্জ পালন শেষে সুস্থভাবে দেশে ফিরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে পবিপ্রবিকে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আরও সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে।”
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.