নবগঠিত মাতামুহুরি উপজেলায় ডাকাতি ও সংঘবদ্ধ ধ*র্ষ*ণে*র অভিযোগ, আটক ৬ জন
মোঃ আরফাতুল ইসলাম সানি (স্টাফ রিপোর্টার(
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ডলুনিঘোনা এলাকায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের পর মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মা ও তাঁর দশম শ্রেণিতে অধ্যয়নরত মেয়ে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত একটি বসতবাড়িতে প্রবেশ করে। অভিযোগ রয়েছে, পাকা ঘরের জানালার গ্রিল কেটে প্রথমে একজন ভেতরে ঢুকে মূল দরজা খুলে দেয়। পরে অন্য সদস্যরা ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে। একপর্যায়ে তারা মা ও মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন ডলুনিঘোনা এলাকার রেজাউল করিম (৩৬), তোফাজ্জল হোসেন ওরফে বাবু (২৩), তাঁর ভাই কেফায়েত হোসেন ওরফে পুইত্যা (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), সাহারবিল ইউনিয়নের কদ্দাছড়া এলাকার মেহেদী হাসান (২৪) এবং কোরালখালী এলাকার মোহাম্মদ তারেক (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে ডাকাতি ও ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন ভুক্তভোগী মা ও মেয়ে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। ভুক্তভোগীদের চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এমন নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। তারা দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.