গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারপিট সহ টাকা ছিনতাই
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে রাসেল মিয়া (৩৫) নামের এক যুবককে অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর আহত ও গরু কেনার নগদ ১ লাখ ৯৭ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
গত শুক্রবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রাজাবিরাট হাইস্কুল মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাসেলের স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে শাহারুল ইসলাম (৩৫), আবু ইউসুফ রোমান (২৪) ও আব্দুর রাজ্জাকসহ ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শাখাহার ইউনিয়নের জানখুর গ্রামের আরিফুর রহমান সরকারের ছেলে রাসেল মিয়া শরিকদের সাথে নিয়ে গরু কেনার উদ্দেশ্যে ১ লক্ষ ৭৫ হাজার টাকা এবং একটি খাসি বিক্রির ২২ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ৯৭ হাজার টাকা নিয়ে রাজাবিরাট হাটে যান। হাট শেষে সন্ধ্যা অনুমান ৭টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা রাজাবিরাট হাইস্কুল মাঠের দক্ষিণ-পশ্চিম দিকে মাত্রাই রোডে রাসেলের পথরোধ করে।
এ সময় শাহারুল ইসলামের হুকুমে আবু ইউসুফ রোমান তার হাতে থাকা মোটরসাইকেলের চাবি দিয়ে রাসেলের ডান চোখে সজোরে আঘাত করে গুরুতর জখম করেন। এতে রাসেলের চোখ রক্তাক্ত হয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। অন্যান্য আসামিরা তাকে এলোপাথাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং রাসেলের কাছে থাকা ১ লক্ষ ৯৭ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় শিউলী বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.