
চকরিয়ায় ইউনিয়ন ভূমি সেবা মেলা ও জনসচেতনতা সভা অনুষ্ঠিত
মোঃ আরফাতুল ইসলাম সানি (স্টাফ রিপোর্টার)কক্সবাজার।
কক্সবাজারের চকরিয়ায় ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন ভূমি সেবা মেলা ও জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টায় চকরিয়া ইউনিয়ন ভূমি অফিস মাঠে এ মেলা ও সভার আয়োজন করা হয়।
মেলা উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস মাঠে এসে জনসচেতনতা সভায় মিলিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তারা অংশ নেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার।
এসময় আরও উপস্থিত ছিলেন চকরিয়া থানার তদন্ত কর্মকর্তা নুর আলম মাসুম ছিদ্দিকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ ফেরদৌসী, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক ও মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহীমসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও নানা ধরনের জটিলতা ও ভোগান্তি রয়েছে। ডিজিটাল ভূমি সেবা কার্যক্রম চালুর মাধ্যমে এসব সমস্যা ধীরে ধীরে কমে আসছে। জনগণকে ভূমি অফিসের দালালমুক্ত সেবা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার বলেন, “সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে কাজ করছে। অনলাইনে নামজারি, খাজনা প্রদান ও ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা চালু হওয়ায় জনগণের সময় ও ভোগান্তি কমেছে। ভূমি অফিসে কোনো ধরনের হয়রানি ছাড়াই সাধারণ মানুষ যাতে সেবা পায়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”
তিনি আরও বলেন, “ভূমি সেবা মেলার মাধ্যমে জনগণ সরাসরি বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারছে এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের সুযোগ পাচ্ছে। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ভূমি সংক্রান্ত নানা তথ্য ও সেবা সম্পর্কে অবহিত হন। মেলায় নামজারি, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা, খতিয়ান ও ম্যাপ সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন সেবা জনগণের জন্য উন্মুক্ত রাখা হয়।
© All rights reserved © 2025
Leave a Reply