জাহাঙ্গীরের কারণে রাতের নিরাপত্তা নিয়ে শঙ্কা
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় আলোচিত ডাকাত বাহার আলী ও ইয়ার আলীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মোঃ জাহাঙ্গীর (৪২)-কে দ্রুত গ্রেফতারের জোর দাবি উঠেছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা, মাদক ব্যবসা এবং একাধিক ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ এনে এলাকাবাসী ও সচেতন মহল প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
জাহাঙ্গীরের বাড়ি কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে। তার পিতা আনসার মোল্লা। স্থানীয় জনপ্রতিনিধি ও একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সে সংঘবদ্ধ একটি ডাকাত চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছে। বিশেষ করে বাহার আলী ও ইয়ার আলীর সঙ্গে মিলে এলাকায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ইয়াবা ব্যবসাসহ নানা অপরাধ পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এলাকাবাসীর অভিযোগ, জাহাঙ্গীর প্রভাবশালী কিছু মহলকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ও তার সহযোগীদের কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কে বসবাস করছে। বিশেষ করে রাতের বেলায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেফতার, তার কাছে থাকা অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তার সম্পদের উৎস তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।
সচেতন মহলের মতে, এই ধরনের সংঘবদ্ধ অপরাধচক্র ভাঙতে হলে জাহাঙ্গীরসহ সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা জরুরি। তারা মনে করেন, কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.