সাতক্ষীরায় পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা:
বাংলা নববর্ষ ১৪৩৩ (২০২৬) উদযাপনকে ঘিরে সাতক্ষীরা জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বাঙালির চিরায়ত সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরতে এবারের আয়োজনকে করা হচ্ছে আরও বর্ণাঢ্য ও সর্বজনীন।
রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।
সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় জানানো হয়, পহেলা বৈশাখের সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে এবং এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করবে।
এছাড়া সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী গান ও নৃত্য পরিবেশনের আয়োজন থাকবে। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক অথবা নির্ধারিত অন্য কোনো ভেন্যুতে লোকজ ঐতিহ্য তুলে ধরতে বৈশাখী মেলার আয়োজন করা হবে।
নিরাপত্তার বিষয়ে সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে শহরজুড়ে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।
উৎসবের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে পান্তা-ইলিশসহ দেশীয় ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকবে, যা বাঙালির সংস্কৃতির প্রতীক হিসেবে তুলে ধরা হবে।
অন্যদিকে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। শিশু একাডেমির উদ্যোগে শিশুদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ১লা বৈশাখের সূচনা হবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।
সব মিলিয়ে, সাতক্ষীরায় এবারের বাংলা নববর্ষ উদযাপন হতে যাচ্ছে উৎসবমুখর, নিরাপদ এবং সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ এক আয়োজন, যেখানে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.