রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর গাইবান্ধার বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বাজারমূল্যের তুলনায় কম দামে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় এবং অনেক ক্রেতাকে লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করতে দেখা যায়।
অফিস সূত্রে জানা যায়, এদিন কর্মসূচির আওতায় ২০০ কেজি গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে, ৫০০ লিটার দুধ প্রতি লিটার ৬০ টাকা দরে এবং চারটি ডিম ৩০ টাকা দরে বিক্রি করা হয়।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রাজ্জাক জানান, রমজান মাসে খাদ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় গাইবান্ধা সদর প্রাণিসম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্তসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কর্মসূচির উদ্বোধনের পর সাধারণ মানুষ সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে দুধ, ডিম ও মাংস সংগ্রহ করেন।
আয়োজকরা জানান, এই কর্মসূচি আগামী ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলমান থাকবে। এছাড়াও শহরের বিভিন্ন বাজার ও মহল্লায় ভ্রাম্যমাণভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে বেশি সংখ্যক সাধারণ মানুষ সুলভ মূল্যে এসব পণ্য ক্রয়ের সুযোগ পান।
রমজান মাসে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং ন্যায্যমূল্যে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.