গাইবান্ধায় গর্ভবতী স্ত্রীর পেটে লাথি, গর্ভের সন্তান নিহত; র্যাবের অভিযানে স্বামী গ্রেপ্তার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের ছয় মাসের সন্তান হত্যার অভিযোগে করা মামলার প্রধান আসামি স্বামী মো. আবু সাঈদ ওরফে মিষ্টার (৩৮)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
র্যাব জানায়, যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে গত ৬ অক্টোবর ২০২৫ তারিখে ভিকটিম তার স্বামীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এরপর থেকে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে মামলাটি মীমাংসার কথা বলে স্বামী আবু সাঈদ তাকে নিজের বাড়িতে ডেকে নেয়। সেখানে মামলা তুলে নিতে চাপ দেওয়া হলে ভিকটিম রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার পেটে সজোরে লাথি মারে বলে অভিযোগ করা হয়। এতে ভিকটিম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রুয়ারি দুপুরে তার গর্ভে থাকা ছয় মাসের অজাত শিশু মৃত অবস্থায় গর্ভপাত হয়। এ ঘটনায় ওইদিনই ভিকটিম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় পেনাল কোডের ৩২৩/৩২৫/৩১৬/৩০৭/৩৫৪/১১৪/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) রাত ১০টা ৫০ মিনিটে র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা এবং র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাটের যৌথ অভিযানে জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যা, ধর্ষণসহ সব ধরনের গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.