নারী-পুরুষের আলাদা কর্মসংস্থান নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী পুতুল
মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, নারী–পুরুষের জন্য আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় নাটোর সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, উন্নত ও সমৃদ্ধ নাটোর গড়তে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত জেলা গড়তে যা যা করা দরকার, তা করা হবে। এজন্য প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “জনপ্রতিনিধি হিসেবে একার পক্ষে সব উন্নয়ন সম্ভব নয়। আমি সরকারের একজন কর্মচারী হিসেবে জনগণের সেবক। সবার সহযোগিতা নিয়ে নাটোরের চারটি সংসদীয় আসনে সমানভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে চাই।”
যুবসমাজ ও নারীদের কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী পুতুল বলেন, যুবক ও নারীদের জন্য পৃথক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন ও কর্মমুখী প্রকল্পের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে।
উত্তরাঞ্চল কৃষিনির্ভর অঞ্চল উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জাতীয় কৃষি সমৃদ্ধি অর্জনে নাটোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে সময় ও ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন সভায় সভাপতিত্ব করেন। এ সময় পুলিশ সুপার আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান, সিভিল সার্জন ডা. মোক্তাদির আরেফিনসহ জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.