
সিলেট বিভাগের সুনামগঞ্জে নির্যাতিত মায়ের পাশে পুলিশ, নিরাপদে ফিরল দুগ্ধজাত শিশু
মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি
সিলেট বিভাগের সুনামগঞ্জ পৌর শহরের মধ্য আরপিন নগর এলাকায় স্বামীর হাতে মারধরের শিকার হয়ে কোলের দুগ্ধজাত সন্তান থেকে বিচ্ছিন্ন হওয়া এক মাকে আধাঘণ্টার মধ্যে তার শিশুসন্তান ফিরিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল চারটার দিকে এক নারী কান্নাকাটি অবস্থায় সুনামগঞ্জ সদর মডেল থানায় হাজির হয়ে ডিউটি অফিসারের কাছে অভিযোগ করেন—তার স্বামী কোলের দুগ্ধজাত শিশুকে আটকে রেখে তাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছেন।
অসহায় ওই মা শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশের সহায়তা চান।
বিষয়টি আমলে নিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম তাৎক্ষণিক অভিযানের নির্দেশ দেন।
এএসআই জহিরুলসহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে দ্রুত অভিযান পরিচালনা করে।
প্রায় আধাঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে থানায় আনা হয় এবং পরে মায়ের কোলে তুলে দেওয়া হয়।
ওসি রতন শেখ বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ব্যবস্থা নিয়েছি। মা ও শিশুর নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply