জিএমপির সব থানায় অনলাইন জিডি চালু হচ্ছে রবিবার
মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রধান
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আওতাধীন সব থানায় আগামী রবিবার (৩ আগস্ট) থেকে অনলাইন জেনারেল ডায়েরি (জিডি) সেবা চালু হচ্ছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা ডিজিটালাইজেশনের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের অনলাইন জিডি সেবা পর্যায়ক্রমে সারাদেশে চালু করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার গাজীপুর মহানগর পুলিশের সব থানাতেও সম্পূর্ণ অনলাইন জিডি সুবিধা চালু হচ্ছে।
ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। নতুন এই ব্যবস্থায় এখন থেকে গাজীপুর মহানগরের বাসিন্দারা ঘরে বসেই যে কোনো ধরনের জিডি করতে পারবেন।
এ সেবা গ্রহণের জন্য ‘Online GD’ নামের অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে।
যেকোনো সহায়তার জন্য হটলাইন ০১৩২০০০১৪২৮ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করা যাবে।
বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় প্রযুক্তিনির্ভর ও সহজ সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
###
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.