পূর্বাচলে জজ মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, স্থানীয় বিএনপি ও এলাকাবাসীর নিন্দা..!
মোঃ রাজিবুল ইসলাম রাজিব (ব্যুরো চিফ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ও এর আশপাশের এলাকায় সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে সম্পৃক্ত জজ মিয়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এসব প্রচারণাকে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসামূলক ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি। এদিকে, তার বিরুদ্ধে চলমান এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং এলাকাবাসীর একটি অংশ।
জানা গেছে, জজ মিয়া দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে ৩০টিরও অধিক মামলার আসামি করা হয়েছিল। ওই সময় ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থান থেকে তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়। এসব মামলায় তাকে দীর্ঘদিন কেরানীগঞ্জ কারাগারে কারাবরণও করতে হয়েছে।
জজ মিয়ার অভিযোগ, অতীতের সেই রাজনৈতিক কর্মকাণ্ড ও কারাবরণের বিষয়গুলোকে ভিন্নভাবে উপস্থাপন করে বর্তমানে তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। একটি স্বার্থান্বেষী মহল কাল্পনিক অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
নিজেকে একজন সাধারণ ব্যবসায়ী, সমাজসেবক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করে জজ মিয়া বলেন, "এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়াই আমার মূল উদ্দেশ্য। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।" তিনি আরও বলেন, স্থানীয় মানুষের সঙ্গে মিলেমিশে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করায় একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।
এদিকে, জজ মিয়াকে ঘিরে ছড়িয়ে পড়া এসব অভিযোগ ও প্রচারণার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং এলাকাবাসীর একাংশ। তারা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা উচিত। যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে কারও ব্যক্তিগত ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করা আইনগত অপরাধ।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জজ মিয়া। একই সঙ্গে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের মাধ্যমে যেন কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.