
বগুড়ায় আফিফ চিপস কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, নিম্নমানের রং ও শিল্পলবণ ব্যবহারের অভিযোগ
মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন,নষ্ট ও মেয়াদোত্তীর্ণ চিপস সংরক্ষণ,শিল্পলবণ ও নিম্নমানের রং ব্যবহারের অভিযোগে ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ অক্টোবর,২৬) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়া এলাকায় অবস্থিত ‘আফিফ চিপস’ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন করতে দেখা যায়।পাশাপাশি বিক্রির জন্য নষ্ট ও মেয়াদোত্তীর্ণ চিপস সংরক্ষণ,চিপস তৈরিতে শিল্পলবণ ব্যবহার, মাত্রাতিরিক্ত অ্যামোনিয়াম বাই-কার্বোনেট প্রয়োগ এবং গুণগত মান যাচাই ছাড়াই নিম্নমানের রং ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। এছাড়া কারখানার খাদ্যকর্মীরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করছিলেন না বলেও অভিযানে প্রতীয়মান হয়।
এসব অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দোষ স্বীকার করা হলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান চলাকালে আনুমানিক তিন মণ শিল্পলবণ ধ্বংস করা হয়।একই সঙ্গে ২৩ কেজি নিম্নমানের রং জব্দ করা হয় এবং এ বিষয়ে উপযুক্ত প্রমাণক দাখিলের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে বগুড়া সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেনসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় র্যাব-১২ ও জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply