
আরিফ শেখ হত্যা মামলার ৮ নম্বর আসামি গ্রেপ্তার
বগুড়ায় এসআরবি-১২-এর অভিযানে পলাতক আসামি তারেক গ্রেপ্তার
মোঃ ইসমাঈল হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় চাঞ্চল্যকর আরিফ শেখ (৩৪) হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর পলাতক আসামি মোঃ তারেক (৩২)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানি (সিপিএসসি), বগুড়া।
রোববার (৪ অক্টোবর,২৬)রাত ১২টা ২০ মিনিটের দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ আড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তারেক বগুড়া সদর উপজেলার লতিফপুর (কলোনী) এলাকার বাসিন্দা। তিনি মোঃ আব্দুল খালেক বাদলের ছেলে।
এসআরবি-১২-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওনা টাকা ও বিবাহ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গত ১১ জুলাই রাতে বগুড়া সদর উপজেলার লতিফপুর কলোনী বেলজিয়াম মাঠের উত্তর পাশে প্রীতি প্রাইমারি স্কুলের পেছনে আরিফ শেখকে ডেকে নিয়ে হামলা করা হয়। এ সময় আসামিরা লাঠি,লোহার রড,রামদা ও ছুরি নিয়ে আরিফের উপর হামলা করে।হামলায় তিনি গুরুতর আহত হন।পরে তার দুই পায়ের রগ কেটে দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় লোকজনের সহায়তায় আহত আরিফকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বজনের করা মামলায় বগুড়া সদর থানায় মামলা নম্বর-৬৩, তারিখ ১১ জুলাই ২০২৬; দণ্ডবিধির ১৪৩/৩০২/১১৪/৩৪ ধারায় মামলা করা হয়।
মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল সিপিএসসি বগুড়া,এসআরবি-১২।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তারেকের অবস্থান সম্পর্কে তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী।পরে রহিমাবাদ আড়িয়া বাজার এলাকায় মোছাঃ সেফালি বেগমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তারেককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিপিএসসি বগুড়া, এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধীদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply