
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে সাংবাদিক মোঃ উজ্জ্বল হাসান আকন্দকে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং মোবাইল ভাঙচুরের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় লিখিত এজাহার দাখিল করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
এজাহার সূত্রে জানা যায়, সাংবাদিক মোঃ উজ্জ্বল হাসান আকন্দ একটি সংবাদ প্রকাশের জেরে বিরোধের সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, ২ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিটে সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ ফরিদপুর মৌজার ঘেগার বাজার এলাকায় একটি চায়ের দোকানের সামনে অভিযুক্তরা তাকে দেখতে পেয়ে গালিগালাজ করেন।
অভিযোগে বলা হয়, এক ব্যক্তির নির্দেশে অপর দুই অভিযুক্ত চায়ের দোকান থেকে কাঠের খড়ি নিয়ে সাংবাদিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় মাথায় আঘাত করা হলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এছাড়া তার পকেট থেকে ৫০ হাজার টাকা নিয়ে নেওয়া এবং হাতে থাকা একটি অপ্পো মোবাইল ফোন কেড়ে নিয়ে সাংবাদিকতার তথ্য মুছে ফেলার চেষ্টা ও ফোনটি মাটিতে আছাড় দিয়ে ভাঙচুর করার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মোবাইল ফোনটির প্রায় ১৯ হাজার ৫০০ টাকা ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার সময় হৈচৈ শুনে স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি সাদুল্লাপুর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
এ ঘটনায় চিকিৎসা গ্রহণে ব্যস্ত থাকায় থানায় এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ উজ্জ্বল হাসান আকন্দ সাদুল্লাপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের তদন্তের ফলাফল এ প্রতিবেদনের সময় জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হবে।
Leave a Reply