
সাদুল্লাপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের ৮৭ নারীর স্বাস্থ্য পরীক্ষা
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচি ও রোটারি ক্লাব অব ঢাকার যৌথ উদ্যোগে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
ক্যাম্পে মোট ৮৭ জন নারী নিবন্ধন করে স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করেন। পরীক্ষায় VIA পজিটিভ কোনো রোগী শনাক্ত হয়নি। তবে CBE পরীক্ষায় একজনের সমস্যা এবং দুজনের পলিপ শনাক্ত হয়। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়ার পাশাপাশি পরবর্তী চিকিৎসা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন ডা. শামীম আরা শিউলি এবং সিনিয়র নার্স মোছা. রুমা বেগম ও রুপালি আক্তার।
ক্যাম্পে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিলকিস চৌধুরী, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোছা. লাইলী পারভিন, শাখা ব্যবস্থাপক মো. সাইদুর রহমান, কৃষি ও বীমা সম্প্রসারণ কর্মকর্তা মো. মফিজুল ইসলাম এবং ব্র্যাকের আঞ্চলিক সমন্বয়কারী মো. সানাউল্লাহ হক।
স্বাস্থ্যসেবা গ্রহণকারী নারীরা ব্র্যাকের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রান্তিক নারীদের দোরগোড়ায় বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। তারা ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।
নারীদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
Leave a Reply